বৃষ্টির পানি উঠানে, লাঠির আঘাতে মাথার হাড় মগজে
দিনাজপুর বিরলে বাড়ির উঠান দিয়ে বৃষ্টির পানি যাওয়াকে কেন্দ্রে করে প্রতিবেশীর লাঠির আঘাতে নুরুল ইসলাম নামে এক ব্যক্তির মাথার হাড় মগজে ঢুকে মৃত্যু হয়েছে।
এই ঘটনায় নিহতের ছেলে রেজাউল ইসলাম বাদী হয়ে ছয়জনকে আসামি করে বিরল থানায় হত্যা মামলা করেছেন। এই মামলায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দুপুরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে নুরুল ইসলামের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় ।
.png)
রোববার সন্ধ্যায় বিরল উপজেলার ভান্ডারা ইউপির সীমান্তবর্তী এলাকা বালান্দোর (জলপাড়া) গ্রামে বৃষ্টির পানি যাওয়াকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম বালান্দোর (জলপাড়া) গ্রামের আকাল মোহাম্মদের ছেলে।
বিরল থানার ওসি শেখ নাসিম হাবিব জানান, শত্রুতার জেরে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হন নুরুল ইসলাম। স্থানীয়রা ও পরিবারের লোকজন তাকে ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক নুরুল ইসলামকে মৃত বলে ঘোষণা করেন।
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ফারেনসিক বিভাগের ডা. হাবিবুর রহমান জানান, নিহত নুরুল ইসলামের মাথায় ভোতা অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। ফলে তার মাথায় হাড় ভেঙে মগজের ভেতরে প্রবেশ করে। তার মাথার অধিকাংশ হাড়ই ভেঙে গেছে।